রাজশাহী কিংসে শাহরিয়ার নাফীস

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:৫৭

শাহরিয়ার নাফীস ছিলেন বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের অধিনায়ক। বিপিএলেও বলার মতো পারফরম্যান্স আছে তার। এক আসর আগেও মাঠ মাতানো কয়েকটা ইনিংস খেলে জানান দিয়েছিলেন যে, ফুরিয়ে যাননি। কিন্তু আসছে বিপিএলকে সামনে রেখে আয়োজিত খেলোয়াড়দের ড্রাফটে কোনো দল তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেনি। শাহরিয়ার নাফীসের এই অবিক্রিত থেকে যাওয়াটা একটা দুঃখজনক ব্যাপারই ছিলো। অবশেষে দল খুঁজে পেয়েছেন নাফীস। গতকাল রাজশাহী কিংস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছে, তারা দলে ভিড়িয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ওপেনারকে। রাজশাহী এই পোস্টে লিখেছে, ‘তিনি টাইগারদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তিনি তার সময়ের সেরা ছিলেন। তিনি এখনও দারুণ সম্ভাবনাময় মারকুটে ব্যাটসম্যান। তিনি এমন একজন ব্যাটসম্যান, যার ওপর যে কোনো দল নির্ভর করতে পারে।’