ফুটবলের ফিটনেস ক্রিকেটে চান কোহলি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

ক্রিকেটে এরই মধ্যে সর্বকালের সেরাদের তালিকায় নাম উঠিয়ে ফেলেছেন বিরাট কোহলি। অনেকেই এই সময়ের সেরা ব্যাটসম্যান মনে করেন তাকে। তবে সবচেয়ে বেশি প্রশংসা হয় কোহলির ফিটনেসের। ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ফিট খেলোয়াড়ের একজন মনে করা হয় তাকে। সেই কোহলি বলছেন, ক্রিকেটে ফুটবলের মতো এত বেশি ফিটনেসের প্রয়োজনীয়তা হয়তো নেই। তারপরও তিনি চান ক্রিকেটাররা ফুটবল থেকে ফিটনেস ও শৃঙ্খলার ব্যাপারটা আরো গ্রহণ করুক।

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফুটবল দল গোয়া এফসির অন্যতম মালিক কোহলি। দলটি তাদের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান করেছে। সেই অনুষ্ঠানের পাশে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে কোহলি বলেছেন, তিনি অবসরের পর ফুটবলে আরো সময় দিতে চান।

বিরাট কোহলি এ প্রসঙ্গে বলেন, ‘এখন আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে মূলত অ্যাথলেট উন্নয়ন কার্যক্রম চালাচ্ছি। গোয়া এফসিরও ভবিষ্যত্ পরিকল্পনায় এটা আছে। আমরা গোয়া এফসির মাধ্যমে এমন খেলোয়াড় তৈরি করতে চাই যারা জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে। আমি নিজে শুধু স্টেডিয়ামে মুখ দেখানোর জন্য কাজ করতে চাই না। আমি তৃণমূল পর্যায়ে কাজ করতে চাই। আমার অবসরের পর এটাই আমার অন্যতম বড়ো কাজ হবে। ফুটবল আমার গুরুত্বের একটা বড়ো অংশ নিয়ে নেবে।’

কোহলি মনে করছেন ফিটনেস ও শৃঙ্খলায় ফুটবল থেকে ক্রিকেটের অনেক কিছু শেখার আছে। তিনি বলছিলেন, ‘আমরা সবসময় ফুটবলারদের শৃঙ্খলাপরায়ণতাকে লক্ষ্য করি। এটা আপনার যে কোনো খেলায় ভালো করার জন্য জরুরি। ফুটবল খেলোয়াড়রা পেশাদারিত্বের ক্ষেত্রে খুব সুনির্দিষ্ট হয়। শারীরিক প্রস্তুতি, পুষ্টিগ্রহণ ও বিশ্রামের সময় নির্বাচনের ক্ষেত্রে তারা খুব সচেতন। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ক্রিকেটের ফিটনেস ও ফুটবলের ফিটনেসে তুলনা চলে না। ক্রিকেটে এত বেশি ফিটনেসের দরকার হয় না। ফুটবল ৯০ মিনিটে চূড়ান্ত একটা ফিটনেস দাবি করে। কিন্তু আপনি যদি ফুটবলারদের মতো ফিট হতে পারেন, তাহলে ক্রিকেটে নিজেকে ভিন্ন একটা মানে নিয়ে যেতে পারবেন।’