আর্জেন্টিনার দায়িত্বে আগ্রহী পচেত্তিনো

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

টটেনহ্যাম হটস্পার কোচ মরিসিও পচেত্তিনো জানিয়েছেন, কোনো এক সময়ে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হতে চান তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে পচেত্তিনোর ক্যারিয়ার খুব দীর্ঘ ছিল না। সংক্ষিপ্ত ওই ক্যারিয়ারে একবারই আলোচনায় এসেছিলেন তিনি। সেটিও ছিল ২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের মাইকেল ওয়েনকে বক্সের ভেতর ফাউল করে। এরপর বেকহ্যামের পেনাল্টিতেই হেরেছিল আর্জেন্টিনা। সে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আর আগে বাড়েনি পচেত্তিনোর ফুটবল জীবন।

দীর্ঘদিন ধরেই ইংলিশ প্রিমিয়ারের ক্লাবগুলোর সঙ্গে থাকা পচেত্তিনো এবার কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব পেতে আগ্রহ প্রকাশ করলেন। সম্প্রতি আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল কানাল সেভেনকে দেওয়া এক সাক্ষাত্কারে এ অভিপ্রায় জানান তিনি। পচেত্তিনো বলেন, ‘আমার স্বপ্ন হলো একদিন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হওয়া। একজন আর্জেন্টাইন হিসেবে এক্ষেত্রে কোনো আপস করতে রাজি নই আমি। দেশ, পতাকা, জার্সি সবসময়ই আপনার কাছে প্রাধান্য পাবে।’তবে স্বাভাবিকভাবেই প্রস্তাব আসতে হবে বলে জানালেন টটেনহ্যাম কোচ, ‘যে ব্যাপারটা পরিষ্কার তা হলো, প্রক্রিয়াটা স্বাভাবিকভাবেই আসতে হবে। আজ এ ব্যাপারটা কঠিন কেননা আমার কাছে ভবিষ্যত্ এবং বর্তমান ইংল্যান্ডেই আছে। কিন্তু ব্যক্তিগতভাবে এটা আমার জন্যে স্বপ্নের মতো হবে।’