হালিশহরে টেম্পোর ভাড়া

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকার মধ্যে হালিশহর একটি। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এলাকাটি নানান প্রতিকূলতায় জর্জরিত। এক পশলা বৃষ্টি হলেই মানুষের দুর্ভোগ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া সড়কের অবস্থাও নাজেহাল। তারপরও নানা প্রয়োজনে ছুটতে হয় শহরের বিভিন্ন জায়গায়। আর যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে টেম্পো লেগুনা কিংবা সিএনজি। এরা নানা অজুহাত দেখিয়ে হাতিয়ে নেয় অতিরিক্ত ভাড়া। নগরীর দেওহাট থেকে হালিশহর এই অংশকে ৩ নম্বর সড়ক ধরা হয়। এর মধ্যে কিছু টেম্পো দেওয়ানহাট থেকে নয়াবাজার এসে থেমে যায়। আবার কিছু টেম্পো নয়বাজার থেকে হালিশহর এসে থামে। অথচ এই পুরো সড়কটাই একবারেই যাত্রীদের আসা-যাওয়ার কথা। আগে নগরীর দেওয়ানহাট মোড় থেকে হালিশহর পর্যন্ত ভাড়া নেওয়া হতো ১০ টাকা। অথচ এখন দেওয়ানহাট থেকে নয়াবাজারই নেওয়া হচ্ছে যাত্রীপ্রতি ১০ টাকা করে। সন্ধ্যা নামলেই এ সড়কে কর্মজীবী মানুষেরা বাড়ি ফেরে। এ সময় যাত্রীদের কাছে দাবি করা হয় অতিরিক্ত ভাড়া। এসব নৈরাজ্যের প্রতিবাদ করলে যাত্রী এবং চালকদের মাঝে লাগে হট্টগোল। অনেক সময় চালকরা যাত্রীদের মারার জন্যেও তেড়ে আসে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসব কিছু থেকে ছাড় পায় না কোমলমতি শিক্ষার্থীরাও। টিফিনের টাকা অতিরিক্ত ভাড়া হিসেবে চলে যায় চালকদের পেটে। হালিশহর রুটে ভাড়া নিয়ে চলছে চরম নৈরাজ্য। টেম্পো ও লেগুনা চালকরা নিজেদের খেয়ালখুশিমতো ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। চালকদের অন্যায় আবদারের কাছে জিম্মি হচ্ছেন হাজারো যাত্রী। এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। না হয় এই নৈরাজ্য বাড়তেই থাকবে।

জাহিদ হাসান

চট্টগ্রাম