নির্বাচনী টুকিটাকি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:০৮

দিনাজপুর-৩ আসনে প্রার্থিতা

নিয়ে বিএনপির শেষ নাটক

 দিনাজপুর অফিস দিনাজপুর-৩ আসনে প্রার্থিতা নিয়ে বিএনপির শেষ নাটক শহরে বেশ আলোচিত হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই নাটক। দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির মনোনয়নপত্র দাখিল করেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলাল। জাহাঙ্গীর আলম মেয়র থেকে পদত্যাগ না করায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। নির্বাচন কমিশনের কাছে আপিল করেও তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি। আর এই পরিস্থিতিতে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় মোফাজ্জল হোসেন দুলালকে। চূড়ান্ত এই মনোনয়ন নিয়ে তিনি জমা দেন রিটার্নিং কর্মকর্তার কাছে। কিন্তু বিকালে হাইকোর্টের নির্দেশে পৌর মেয়র থেকেও নির্বাচন করার সুযোগ দেওয়ার ঘোষণার পর বিএনপি চূড়ান্ত মনোনয়ন দেয় সৈয়দ জাহাঙ্গীর আলমকে। এই মনোনয়নপত্র বিকালে পৌনে ৫টায় ফ্যাক্সযোগে আসে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে। অবশেষে মোফাজ্জল হোসেন দুলালকে বাদ দিয়ে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

খুলনা-৬ আসনে নৌকা প্রতীকে ভোট দিতে এমপির দুই ছেলের আহ্বান

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা খুলনা-৬ আসনে নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বর্তমান সংসদ সদস্যের দুই ছেলে। রবিবার বিকালে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে পাইকগাছার গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় এমপি পুত্র ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ শেখ মনিরুল ইসলাম এবং যুবলীগ নেতা শেখ রাশেদুল ইসলাম রাসেল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ আকতারুজ্জামান বাবুর নৌকা প্রতীকে ভোট দিতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান, আব্দুল মজিদ বয়াতী, শেখ মোসলেম উদ্দীন, হায়দার আলী মোড়ল, রহমত মোড়ল, রবীন্দ্রনাথ রায়, শুকুর গাজী, শেখ মাসুদুর রহমান, আসিফ ইকবাল রনি, শেখ আজগার আলী, শেখ আকবর আলী, শেখ সোহরাওয়ার্দী, মাহফুজুল হক কিনু, আরশাদ গাজী, সঞ্জয় ঘোষ, সরদার রাসেল, প্রজিত্ রায়, রওশানারা খুকু মনি, ছখিনা বেগম, লিপিকা ঢালী প্রমুখ।

মধুখালীতে মহাজোট ও

১৪ দলের মতবিনিময়

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালী উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সোমবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলা মহাজোট ও ১৪ দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলী আহমদ মৃধা, ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা জাকের পার্টির আহ্বায়ক আব্দুর রউফ মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন প্রমুখ। সভায় ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মনজুর হোসেন বুলবুলের নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। মতবিনিময় সভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি ও জাকের পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।