রবার্ট ভদ্রের আগাম জামিন বাতিল চায় ইডি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫

রবার্ট ভদ্রের আগাম জামিনের বিরোধিতা করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগাম জামিন নিয়ে রবার্ট দেশ ছেড়ে পালাতে পারেন, তাই তাকে হেফাজতে নিয়ে মামলা চালানোর প্রয়োজন বলে বৃহস্পতিবার আদালতে জানায় ইডি। ব্যবসায়ী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রের বিরুদ্ধে অর্থ নয়ছয়ের একটি মামলা দায়ের করেছিল ইডি। সেই মামলায় আগাম জামিন পেয়েছেন তিনি। নিম্ন আদালতের সেই রায় চ্যালেঞ্জ করে জামিন বাতিলের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে ইডি। ৫ নভেম্বর এই মামলার রায় দেবেন বিচারপতি। ইডির তরফে আদালতে জানানো হয়, নামে বা বেনামে লন্ডনে অন্তত ৯টি স্থাবর সম্পত্তি রয়েছে রবার্টের। এগুলোর আর্থিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ পাউন্ড। সেই ৯টি সম্পত্তির মধ্যে রয়েছে তিনটি ভিলা। বাকিগুলো বিলাসবহুল ফ্ল্যাট। সে সবই কেনা হয়েছিল ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে, যখন কেন্দ্রে ক্ষমতাসীন ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার।  —আনন্দবাজার পত্রিকা