জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত থাকার সন্দেহে মালয়েশিয়ায় ১৫ জনকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। গ্রেফতারকৃতদের অধিকাংশই প্রতিবেশী ইন্দোনেশিয়ার বাসিন্দা বলে জানা গেছে।
২০১৬ সালের জানুয়ারিতে আইএসের অনুগত বন্দুকধারীরা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ধারাবাহিক হামলা চালানোর পর থেকে মালয়েশিয়া উচ্চ সতর্কাবস্থায় আছে। এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান আয়োব খান মায়দিন পিটচাই জানিয়েছেন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেশ কয়েকটি অভিযানে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে প্রথমে মালয়েশিয়ার বোর্নিও অঞ্চলের সাবাহ রাজ্য থেকে ২৫ বছর বয়সী এক ইন্দোনেশীয় পাম বাগান কর্মীকে গ্রেপ্তার করা হয়। এই ব্যক্তি ২০১৮ সালের ডিসেম্বরে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপে গির্জায় আত্মঘাতী হামলা চালিয়েছিল পাঁচ সদস্যের যে পরিবারটি, তাদের সাহায্য করেছিল বলে পুলিশের বিশ্বাস। আয়োব খান জানান, এই সন্দেহভাজনের বিরুদ্ধে ২০১৭ সালে ফিলিপাইনের মারাউয়ি শহর পাঁচ মাসের জন্য দখল করে রাখা মউত জঙ্গি গোষ্ঠীকে তহবিল যোগাতে সহায়তা করারও অভিযোগ আছে। মারাউয়ির ওই ঘটনায় ১১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।
