মিশরে বিক্ষোভের পর আটক সহস্রাধিক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৬

মিশরে প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসির পদত্যাগের দাবিতে দেশজুড়ে বড়ো ধরনের বিক্ষোভের পর কর্তৃপক্ষ ১ হাজার ১০০-এরও বেশি মানুষকে আটক করেছে। বুধবার এ তথ্য জানিয়েছেন মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষকরা।

মিশরে অনুমোদন ছাড়া বিক্ষোভের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে গত শুক্রবার সিসি সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানী কায়রোসহ বিভিন্ন নগরীতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে মানুষ। সুয়েজ নগরীতে শনিবারও বিক্ষোভ হয়েছে। মানবাধিকার বিষয়ক তথ্য সরবরাহকারী আরব নেটওয়ার্কের প্রধান জামাল ঈদ জানান, তার প্রতিষ্ঠানসহ আরো দুটি প্রতিষ্ঠান মিলে মিশরে ১ হাজার ১০০-এর বেশি মানুষ গ্রেফতার হওয়ার এ হিসাব নথিভুক্ত করেছে। অপর প্রতিষ্ঠান দুটি হচ্ছে, আর্থসামাজিক অধিকার বিষয়ক মিশরীয় কেন্দ্র এবং অধিকার ও স্বাধীনতা বিষয়ক মিশরীয় কমিশন।

মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় গ্রেফতারের ঐ পরিসংখ্যান নিয়ে তাত্ক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে মঙ্গলবার বিশিষ্ট কয়েকজন গ্রেফতার হওয়ার খবর জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।