প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ব্যতিক্রমী অনুষ্ঠানমালার। শেখ হাসিনার সংগ্রামী রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাকে নিয়ে সৃজিত শিল্পকর্মের মাসব্যাপী ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিল্পকর্ম প্রদর্শনীতে ২৩১টি আলোকচিত্র, ১৩৩টি চিত্রকর্ম, চারটি স্থাপনাশিল্প, পাঁচটি ভিডিও ইনস্টেলেশন, প্রধানমন্ত্রীর ওপর প্রকাশিত বইসমূহের প্রদর্শনী, আলোচনা সভার আয়োজন ও জাতীয় চিত্রশালা প্লাজায় প্রধানমন্ত্রীর বিশাল প্রতিকৃতি অঙ্কন করা হবে।
এ উপলক্ষ্যে গতকাল একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান, ‘এ আয়োজনের মধ্য দিয়ে একজন জননেত্রী একজন রাষ্ট্রনায়ক ও একজন স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনাকে শিল্পের আবহে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শনী শেষে পরবর্তী সময়ে ছবিগুলো নিয়ে জেলা পর্যায়েও প্রদর্শনীর আয়োজন করা হবে। একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১ ও ৬ নং গ্যালারিতে ২৮ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। আলোকচিত্রগুলো সংগ্রহ ও সংকলনের সহযোগিতা করেছেন জয়ীতা প্রকাশনী। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীর জন্মদিনে বিকাল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
