সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৭

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। বেঙ্গল ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটিকে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করবে।

বাংলা সাহিত্যের এই সব্যসাচী লেখক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সৈয়দ শামসুল হকের প্রয়াণবার্ষিকীতে প্রকাশনা সংস্থা বেঙ্গল পাবলিকেশন্স প্রকাশ করেছে তার অপ্রকাশিত দীর্ঘকবিতা নুন-পূর্ণিমা এবং সৈয়দ হকের অনুবাদগ্রন্থ আফ্রিকান ও অন্যান্য কবিতা। আজ শুক্রবার বিকাল পাঁচটায় লালমাটিয়ায় বেঙ্গল বই প্রাঙ্গণে গ্রন্থ দুটোর প্রকাশনা উত্সবের আয়োজন করা হয়েছে।  শিল্পকলা একাডেমির আয়োজনে সৈয়দ শামসুল হক তৃতীয় প্রয়াণবর্ষ স্মরণার্ঘ্য শিরোনামে সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন করবে সৈয়দ শামসুল হক রূপান্তরিত উইলিয়াম শেকসিপয়রের বিশ্বখ্যাত নাটক হ্যামলেট। সৈয়দ শামসুল হকের জন্মভূমি কুড়িগ্রামেও প্রয়াণবার্ষিকী স্মরণে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, দোয়া মাহফিল, শিশু-কিশোর প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।