জামাল উদ্দীন
চীন ভিত্তিক প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নজর রাখছে বাংলাদেশ সরকার। বিশ্বের বিভিন্ন দেশে এই কোম্পানির নিষেধাজ্ঞাসহ কোম্পানির শীর্ষ ব্যক্তির গ্রেফতারের পর বাংলাদেশ সতর্কতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সূত্র।
সূত্রমতে, বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়েও আলোচনা হচ্ছে। উন্নত প্রযুক্তি পরিকাঠামোর দেশগুলোই যদি নিরাপত্তা শঙ্কায় থাকে, তাহলে বাংলাদেশের মত দেশে পরিস্থিতি কি হবে— তা নিয়ে উদ্বেগও রয়েছে। তথ্যপ্রযুক্তি খাতের কেউ কেউ বিষয়টি নীতিনির্ধারণী মহলে তুলেছেন। তবে জাতীয় নির্বাচন সামনে রেখে এ বিষয়ে এখনো কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার রবিবার ইত্তেফাককে বলেন, হুয়াওয়ে বিষয়ে আমরা সচেতন আছি, সতর্ক আছি। যদি কোন ধরনের অভিযোগ পাই অথবা কোন ত্রুটি খুঁজে পাই তাত্ক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এ প্রতিষ্ঠানের উপর আমরা নজর রাখছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের জন্য যেসব নিরাপত্তার বিষয় আছে সেগুলো আমরা অবশ্যই দেখবো। দুনিয়াব্যাপী যেহেতু বিষয়টা নিয়ে কথা হচ্ছে আমরা বিষয়টা সম্পর্কে সচেতন।
প্রসঙ্গত, হুয়াওয়ে বাংলাদেশে মোবাইল ফোন বাজারজাতকরণ ও প্রযুক্তি—সরঞ্জাম সরবরাহ এবং সেবা বিপণন করছে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশেও তাদের কার্যক্রম রয়েছে। তবে সম্প্রতি ওসব দেশে একের পর এক নিষেধাজ্ঞার শিকার হচ্ছে হুয়াওয়ে। বলা হচ্ছে, তাদের সরঞ্জাম ব্যবহারে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ফাইভজি অবকাঠামো নির্মাণে চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের নেটওয়ার্কিং সরঞ্জাম ব্যবহার না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। তাদের আহ্বানে মিত্রদেশগুলোর অনেকেই সাড়া দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির দুইজন সিনেটর বলেছেন, জাতীয় নিরাপত্তার খাতিরে হুয়াওয়ে পণ্য বর্জনের বিষয়টি বিবেচনা করা দরকার। চীনভিত্তিক এ কোম্পানিকে প্রবেশাধিকার দিলে তা যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলোর নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। এরই মধ্যে হুয়াওয়ের সিএফও মেং ওয়ান ঝু গ্রেফতার হন। এ পরিস্থিতি বাংলাদেশ সরকার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা বিষয়ে কোন ধরনের শঙ্কা তৈরি হলেই হুয়াওয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
