সমন্বিত কোল্ড চেইন নেটওয়ার্ক স্থাপনে গোল্ডেন হার্ভেস্ট ও আইএফসির যৌথ বিনিয়োগ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২

গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিম লিমিটেড (জিএইচআইএল) এবং গোল্ডেন হার্ভেস্ট ফুডস লিমিটেডের (জিএইচএফএল) মালিকানাধীন নতুন প্রাইভেট কোম্পানি কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল) সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে একটি বিশ্বমানের কোল্ডস্টোরেজ এবং লজিস্টিকস নেটওয়ার্ক স্থাপনের জন্য যৌথ বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে। আইএফসির ঢাকা অফিসে গত ২৫ সেপ্টেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশে সমন্বিত কোল্ড চেইন এবং তাপ নিয়ন্ত্রিত লজিস্টিক সরবরাহের ক্ষেত্রে এটিই সর্বপ্রথম প্রতিষ্ঠান। গোল্ডেন হার্ভেস্টের ৭০ শতাংশ এবং আইএফসির ৩০ শতাংশ বিনিয়োগে ২২ মিলিয়ন মার্কিন ডলারের এই পাইলট প্রকল্পে দেশের ১২টি স্থান থেকে তাপ নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের পণ্য সংরক্ষণ এবং পরিবহন সেবা প্রদান করা হবে। বাংলাদেশে কোল্ড চেইনে অগ্রণী এই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের পচনশীল পণ্য যেমন—ফার্মাসিউটিক্যাল, ফ্রোজেন ফুড, দুগ্ধ ও মাংস, ফলমূল, সবজি, বেকারি ও কনফেকশনারি এবং আইসক্রিম ইত্যাদির উন্নতমানের সংরক্ষণ এবং তাপ নিয়ন্ত্রিত পরিবহন সেবা প্রদান করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি