৫০০-১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৪

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্যি নয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পত্র-পত্রিকায় অর্থনৈতিক অনিয়মের যেসব খবর আসে, তা সবসময় পুরোপুরি সত্য নয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

 আজকের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং তারা কীভাবে তা বাস্তবায়ন করছে, তা নিয়ে। তবে শুদ্ধি অভিযান ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি। এ সময় ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান, আহমেদ জামালসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ ব্যাংকও এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোট বাতিলের খবর সত্য নয় বলে জানিয়েছে।