আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেখানেই দুর্নীতি, টেন্ডারবাজি সেখানেই শেখ হাসিনার শুদ্ধি অভিযান। তিনি বলেন, শুধু ঢাকা নয় সুনামগঞ্জ থেকে কুতুবদিয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে। তিনি বলেন, দলের মধ্যেও শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ক্যাসিনো, জুয়া চালু করে। এখন শুদ্ধি অভিযান শুরু হওয়ায় সরকারের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছে। ওবায়দুল কাদের আরো বলেন, এই শুদ্ধি অভিযানে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর নজরুল অডিটরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও সেতু মন্ত্রী এসব কথা বলেন।
সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে কোন্দল মেটাতে না পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। দলে কোন্দলের জন্য অনেক সময় আমরা নির্বাচনে হেরে যাই। তাই কোন্দল মিটিয়ে দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করার পরামর্শ দেন তিনি।
সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে বিলম্বের জন্য দু:খ প্রকাশ করে তিনি বলেন, বার বার প্রস্তুতি নিয়েও কাজের অগ্রগতি হয়নি। তবে এখন সব জটিলতা কেটে গেছে। শীঘ্রই ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতের কাজ শুরু হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় শোকসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুত্ফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় সদস্য রফিকুর রহমান। আরো বক্তব্য দেন সংসদ সদস্য দেওয়ান শাহ নেওয়াজ গাজী, মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা সহ-সভাপতি আশফাক আহমদ, মাসুক উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালিক, সিরাজুল ইসলাম, রাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুর আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, মো. জাকির হোসেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান প্রমুখ।
