কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক জন নিহত, আহত ৫

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫০

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আজিম মণ্ডল (৬০) নিহত হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছিলেন। এ ঘটনায় উভয়পক্ষের আরো কমপক্ষে পাঁচজন আহত হন । গতকাল বৃহস্পতিবার সকাল ১০টারদিকে কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত উজানগ্রাম ইউনিয়নের মাধবপুর গ্রামে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা প্রভাষক আব্দুল মজিদের কর্মী সমর্থকদের সাথে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আব্দুল মজিদের সমর্থক আজিম মণ্ডলকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। নিহত আজিম মণ্ডল উজানগ্রাম ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত সৈয়দ মণ্ডলের ছেলে। এ সংঘর্ষের ঘটনায় আরো কমপক্ষে পাঁচজন আহত হন। আহতদের কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে  ভর্তি করা হয়েছে। এদিকে দুপক্ষের সংঘর্ষ চলাকালে এলাকায় ভীতি ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভীত সন্ত্রস্ত এলাকাবাসী ঘটনার সময় এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। পুরনায় সংঘর্ষের আশঙ্কায় ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ ৪/৫ জনকে পুলিশ আটক করেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। খুব শীঘ্রই ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে ওসি জানান।