‘খালেদা জিয়ার মুক্তির জন্য যেখানে প্রয়োজন আমরা যাব’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫২

বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৬ অক্টোবর ঢাকায় আইনজীবী সমাবেশ সফল করতে সুপ্রিম কোর্ট বার ভবনে প্রস্তুতি সভা করেছেন আইনজীবীরা। সভায় বক্তারা বলেন, আমাদের একটাই দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি। এজন্য যেখানে প্রয়োজন আমরা যাব। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব। আমরা দেশের সব আইনজীবী সমিতিতে যাব, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের জন্য চতুরদিকে ছড়িয়ে পড়ব।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে গণতন্ত্র ও খালেদা জিয়া  মুক্তি আইনজীবী আন্দোলন সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা ও বিকল্প ধারার মহাসচিব শাহ্ আহম্মেদ বাদলের সভাপতিত্বে ও সুপ্রিমকোর্ট ইউনিটের সম্পাদক আইয়ূব আলী আশরাফীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান তৈমূর আলম খন্দকার, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি আব্বাস উদ্দিন, জাতীয়তাবাদী কর আইনজীবী ফেরামের সভাপতি হুমায়ুন কবীর, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাফিজ, আইনজীবী রফিক শিকদার, আবেদ রাজা, সংগঠনের মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, সিনিয়র যুগ্মমহাসচিব আনিছুর রহমান খান, ড. রফিকুল ইসলাম মেহেদী, মো: মুজিবুর রহমান, আবু হানিফা, আসাদুজ্জামান খান, নাজমুল হাসান, মো: হানিফ, আয়েশা আক্তার, মহিবুল্লাহ মারুফ, মেহেদী হাসান, ইমদাদুল হক, শেখ আবদুস সালঅম, বি কে সরকার প্রমুখ।

আরও পড়ুন : বিদেশিদের পালাতে সাহায্যের অভিযোগে ২ পুলিশ সদস্য বরখাস্ত

তৈমূর আলম খন্দকার বলেন, আজ খালেদা জিয়া জেলে আর আমরা বাইরে। আমাদের বিবেকের কাছে বাধা লাগে। তিনি বলেন, আইনের প্রতি মানুষের আস্থা দিন দিন চলে যাচ্ছে। এই আস্থা ফিরিয়ে আসতে আমাদের দায়িত্ব আছে। এই জন্য আমাদের এই মহাসমাবেশ। এই সমাবেশ সফল করতে আমরা সবখানে যাব। চতুর্দিকে ছড়িয়ে পড়ব।

কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৬ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আইনজীবী সমাবেশ করবে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন। এই সমাবেশ সফল করতে সংগঠনিটি সুপ্রিম কোর্ট বারভবনে এই প্রস্তুতি সভা করে। এছাড়া দেশের বিভিন্ন বারের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে বলে সংগঠনটির নেতারা জানান।

ইত্তেফাক/কেআই