দুর্বল বাঁশের বাঁধে রোখা গেল না ভাঙন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৯

মানিকগঞ্জ:সরকারি রাস্তাকে ভাঙন থেকে রক্ষা করতে দুস্থ একটি পরিবার ব্যক্তিগত টাকায় গড়ে তুলেছিল বাঁশের বাঁধ। কিন্তু দুর্বল সেই বাঁধে রোখা গেল না ভাঙন। জেলা সদরের নবগ্রাম ইউনিয়ন পরিষদের আওতাধীন সরুপাই-নয়াকান্দি কাঁচা রাস্তাটি খালের পানির তীব্র স্রোতে বাঁশের বাঁধসহ ভেঙে গেছে। জানা গেছে, স্থানীয় নয়াকান্দি গ্রামের মনোয়ারা বেগম নামে এক বিধবা মহিলা  রাস্তা ও তাদের বাড়ির ভাঙন ঠেকাতে ১৫/১৬ হাজার টাকা খরচ করে বাঁশের বাঁধ নির্মাণ করেন। স্থানীয়দের  অভিযোগ, দেড় মাস আগে রাস্তাটি ভেঙে যাওয়ার পর আজও সেটি সংস্কার করা হয়নি। রাস্তাটি ভেঙে গিয়ে লোকজনের চলাচল প্রায় বন্ধের যোগাড় হয়েছে। রাস্তার পাশে বসতভিটা ভাঙনের হুমকিতে রয়েছে। রাস্তাটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়ে গেছেন আট গ্রামের মানুষ। নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন ফরহাদ জানান, রাস্তাটি ভেঙে যাওয়ার বিষয়টি আমরা ইউএনওকে জানিয়েছি। পরে এসিল্যান্ড এসে পরিস্থিতি দেখে গেছেন এবং দ্রুত রাস্তা সংস্কারের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। মানিকগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া বেগম শিল্পী জানান, অর্থ বরাদ্দ পেলে ইউনিয়ন চেয়ারম্যানকে রাস্তার কাজ করার বিষয়টি জানাব —ইত্তেফাক