মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামে অবৈধভাবে গড়ে উঠেছে ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানা। এই কারখানার বিষাক্ত বর্জ্য ও কালো ধোঁয়ায় আশপাশের এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। কারখানার আশপাশের জমি থেকে ঘাস খেয়ে গত চার দিনে ৯টি গরুর মৃত্যু হয়েছে। পরিবেশ দূষণের কারণে এলাকার ১০ একর জমির লেবু গাছ মরে যাচ্ছে।
জানা যায়, উপজেলার প্রভাবশালী এক ব্যক্তি দেলুয়া এলাকায় অবৈধভাবে গড়ে তুলেছেন এই সিসা তৈরির কারখানাটি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কাস্টম এক্সাইজ, ভ্যাট অফিস এবং উপ-কর কমিশনের নিবন্ধন ছাড়াই এ প্রতিষ্ঠানটি কয়েক মাস যাবত্ কারখানাটিতে ব্যাটারির সিসা গলিয়ে প্রতি রাতে বাণিজ্যিকভাবে সিসা উত্পাদন করে বাজারজাত করছে। অভিযোগ রয়েছে, এই কারখানার বর্জ্যে বিষাক্ত হয়ে যাওয়া ঘাস খেয়ে দেলুয়া গ্রামের মজিবর রহমানের পাঁচটি গরু, আফসার উদ্দিনের দুইটি গরু ও আবেদ আলীর দুইটিসহ ৯টি গরুর মৃত্যু হয়েছে।
দেলুয়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী মমতাজ বেগম বলেন, আমি গরিব মানুষ। পাঁচ মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছি। আমার কোনো জমি নেই। গরু পালন করে কোনোরকমে সংসার চালাই। বাড়ির পাশে কারখানার পাশ থেকে ঘাস কেটে এনে পাঁচটি গরুকে খাওয়াই। খাওয়ানোর পর থেকে এক এক করে পাঁচটি গরুই মরে যায়।
স্থানীয় কৃষক মো. ফরহাদ হোসেন ও রাজিব হোসেন জানান, আমাদের পাঁচ বিঘা জমিতে লেবু গাছ রোপণ করেছিলাম। কিন্তু কারখানার বর্জ্য ও কালো ধোঁয়ায় লেবু গাছ হলুদ হয়ে মরে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, তিনি কিছুদিন আগে সেখানে যোগদান করেছেন। তাই বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
