আজ ২৭ সেপ্টেম্বর, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজসেবক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর ময়েজউদ্দিন আহমেদের ৩৫তম শাহাদতবার্ষিকী। ১৯৮৪ সালের এই দিনে তত্কালীন স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে সারাদেশে ২২ দল হরতাল আহ্বান করে। ঐদিন গাজীপুরের কালীগঞ্জে গণতন্ত্র প্র্রতিষ্ঠার সংগ্রামের মিছিলে ময়েজউদ্দিন নেতৃত্ব দেন। এক পর্যায়ে কালীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কতিপয় সন্ত্রাসীর হামলায় তিনি শাহাদতবরণ করেন। ময়েজউদ্দিন আহমেদের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শহিদ ময়েজউদ্দিন ১৯৩০ সালের ১৭ মার্চ বর্তমান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার মেয়ে মেহের আফরোজ চুমকি বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। শহিদ ময়েজউদ্দিন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা করার জন্য গঠিত ‘মুজিব তহবিলের’ আহ্বায়ক ছিলেন। ময়েজউদ্দিন বৃহত্তর ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭০ এবং ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি গাজীপুর-কালীগঞ্জ নির্বাচনী এলাকা থেকে যথাক্রমে প্রাদেশিক পরিষদ সদস্য এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
