দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে -------------------জি এম কাদের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৫

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা পূরণে যে কয়টি রাজনৈতিক শক্তি আছে, এরমধ্যে জাপা অন্যতম। দেশের মানুষ জাপাকে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। গতকাল বৃহস্পতিবার তিনি তার বনানী অফিসে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা জাপার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় একথা বলেন।

জি এম কাদের বলেন, আমরা বিজয়ের জন্য রাজনীতি করি। তাই দলকে আরো শক্তিশালী করতে হবে। আমরা এরশাদের স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করছি। তিনি বলেন, জাপাকে আরো শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের মাঝে জাপাকে আস্থার রাজনৈতিক শক্তিতে পরিণত করা হবে। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি দিয়ে জাপা সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। জাপা চেয়ারম্যান আরো বলেন, সাধারণ মানুষ এখন জাপার খোঁজ রাখে। জাপার দিকে তাকিয়ে আছে দেশবাসী। আমরা সাধারণ মানুষের আস্থা নিয়ে এরশাদের প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করব, বেকারত্ব দূর করব, উপজেলা পরিষদকে আরো শক্তিশালী করব, তৃণমূল পর্যায়ে বিচারব্যবস্থা বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষকে আইনি সহায়তা দেওয়া হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, আদেলুর রহমান আদেল এমপি প্রমুখ।