রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে চার ইউরোপীয় দেশের উদ্বেগ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৬

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ এখনো প্রস্তুত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপের চার দেশের রাষ্ট্রদূতরা। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে যথাযথ পরিবেশ তৈরিতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসেন, নরওয়ের সিডসেল ব্লেকেন, সুইডেনের শারলোটা শ্লিটার ও সুইজারল্যান্ডের  রাষ্ট্রদূত রেনে হোলেন্সটেইন গত বুধবার ও বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। তাদের পরিদর্শনের পর গতকাল সুইডেন দূতাবাসের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোয় নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূতরা। তারা বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার প্রয়োজন রয়েছে। এ জন্য শিবিরগুলোয় সর্বদা নিরাপত্তা জরুরি। যাতে রোহিঙ্গা ও স্থানীয়রা সবসময় নিরাপদ অনুভব করে।

রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকার ও স্থানীয়দের মানবিক সহায়তার প্রশংসা করেছেন রাষ্ট্রদূতরা। পাশাপাশি শিবিরগুলোয় সক্রিয় সংস্থাগুলোর কাজের প্রশংসা করেছেন তারা। রাষ্ট্রদূতরা বলেছেন, জাতিসংঘ, আন্তর্জাতিক এনজিও ও স্থানীয় এনজিওর মাধ্যমে এই সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার, স্থানীয় ও আন্তর্জাতিক সম্প্রদায় মুখ্য ভূমিকা পালন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের সংস্থা, এনজিও ও আন্তর্জাতিক এনজিওগুলো কক্সবাজারের শিবিরগুলোয় রোহিঙ্গাদের দুর্দশা লাঘবের পাশাপাশি স্থানীয়দেরও সহায়তা করে যাচ্ছে। রাষ্ট্রদূতরা বলেন, আমরা বাংলাদেশ সরকারকে মানবিক সংগঠনগুলোর সঙ্গে মিলে শিবিরগুলোয় মানবিক কাজকর্ম বজায় রাখার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শিবিরগুলোয় নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশ বজায় রেখে কাজ করার আহ্বান জানাচ্ছি।