‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৬

খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তৌহিদ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে নাগদারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডিবি বলছে, তৌহিদ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নাগদারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে যায়। বিষয়টি টের পেয়ে ছিনতাইকারী ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে তৌহিদ গুলিবিদ্ধ হয়। তার বুকে ও পিঠে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।