দুর্নীতিবাজদের বিরুদ্ধে একমাত্র শেখ হাসিনাই অ্যাকশন নিতে পারেন :আইনমন্ত্রী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৬

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অ্যাকশন নিতে পারেন। তিনিই পারেন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে। তিনি বলেন, শেখ হাসিনার সাহস আছে, অন্যায় যারা করে তাদের ধরার। সে যে দলেরই হোক, যে কেউ হোক। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘ইনডেমনিটি-এক কালো অধ্যায়, ভুলিনি এবং ভুলবো না’  শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির লোকেরা আজ ক্যাসিনো নিয়ে অনেক বেশি সোচ্চার। যারা এতিমের টাকা মেরে খায়, বিএনপি তাদের বাদ দেওয়ার সাহস করতে পারে না।

আইনমন্ত্রী বলেন, কর্নেল ফারুক ও রশিদ যখন জিয়াউর রহমানকে গিয়ে বলেন, তারা শেখ মুজিবকে হত্যা করতে চান, তখন জিয়া বলেছিলেন, আমি তো করতে পারবো না, তোমরা করলে আমাদের অসুবিধা নেই। এটা খুনিরাই স্বীকার করে গেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী জিয়াউর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনা আইনের শাসন মানেন বলেই আইনের মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশ যে একটি কালো আইন সেটা প্রমাণ করার সুযোগ দিয়েছেন এবং প্রমাণ করেছেন। শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করিয়েছেন। জাতীয় চার নেতা হত্যার বিচার হয়েছে শেখ হাসিনার জন্য। যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী অপরাধ যারা করেছেন তাদের বিচার হয়েছে শেখ হাসিনার কারণে। আমরা দেখেছি যত অন্যায় আছে সবকিছুর বিচার কিন্তু শেখ হাসিনার আমলেই হয়েছে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অভিনেতা ড. এনামুল হক, আজিজুল হাকিম, রিয়াজ, আমিরুল হক চৌধুরী, মান্নান হিরা প্রমুখ।