দেশের অন্ধকার দূর করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে :সিরাজুল ইসলাম চৌধুরী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫০

এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম বলেছেন, দেশ থেকে অন্ধকার দূর করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। আতাউস সামাদ অন্ধকারের বিরুদ্ধে লড়েছিলেন। আতাউস সামাদ যে সমাজকে বদলে দিতে চেয়েছিলেন, তা আমরা এখনো করতে পারিনি। গতকাল বৃহস্পতিবার বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সাংবাদিকতায় নিরপেক্ষতা বলে কিছু নেই। দেশ ও জনগণের পক্ষে সব সময় থাকা উচিত সাংবাদিকদের, তখন সেটা কারো না কারো বিপক্ষে যাবেই। সাংবাদিকতায় সবচেয়ে জরুরি বস্তুনিষ্ঠতা ও ন্যায্যতা।

সিরাজুল ইসলাম চৌধুরী আরো বলেন, দেশে বর্তমানে জবাবদিহিতা নেই, সংসদ কাজ করে না, প্রশাসন কাজ করে না, মানুষ বিচার পাচ্ছে না, দেশ জুড়ে শিশু ধর্ষণ চলছে, রোহিঙ্গা সমস্যা, এই অন্ধকার থেকে বের হতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। মিডিয়ার মালিকরা সরকারের পক্ষে কাজ করলেও সাংবাদিকদের নিজের দেশের জন্য কাজ করতে হবে। দেশের জনগণের জন্য নিরপেক্ষ থাকতে হবে। সাংবাদিক আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত এ স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক হাসান হাফিজ, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল প্রমুখ।