উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
স্পোর্টস ডেস্ক
শিরোপাপ্রত্যাশী পিএসজি আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে রেড স্টার বেলগ্রেডের। ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ন্যাপোলির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে গেলবারের ফাইনালিস্ট লিভারপুল। গ্রুপ ‘বি’ থেকে শেষ ষোল নিশ্চিত করতে আজ রাতে স্বাগতিক বার্সেলোনার মুখোমুখি হবে টটেনহ্যাম। একই লক্ষ্য থাকবে গ্রুপটির অন্য ম্যাচে পিএসভি আইন্দহোভেনকে আতিথ্য দেয়া ইন্টার মিলানেরও।
‘সি’ গ্রুপ থেকে রেড স্টার বেলগ্রেডের শেষ ষোলর স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। ফলে দ্বিতীয় রাউন্ডের লড়াইটা হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী। গ্রুপের তৃতীয় স্থানে থাকা লিভারপুলের সামনে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই আজ। তবে শুধু জয়ই যথেষ্ট নয় তাদের জন্য, জিততে হবে বহু সমীকরণ মিলিয়েও।
ন্যাপোলির মাঠে প্রথম দেখায় ১-০ গোলে হেরে এসেছিলেন সালাহরা। তাই এই ম্যাচে জিততে হবে দুই গোলের ব্যবধানে। গোল হজম করলে লক্ষ্যটা বড় হবে আরও! অন্যথায় মুখোমুখি দেখায় সমান হয়ে গোল গড়ে এগিয়ে থাকায় শেষ ষোলোয় যাবে ন্যাপোলিই।
ঘরের মাঠে দলের বাঁচা-মরার লড়াইয়ে লিভারপুলের চোখ থাকবে ফরোয়ার্ড মোহামেদ সালাহর উপরে। বিশেষ করে শেষ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিকের পর তো অবশ্যই। দলের কোচ য়ুর্গেন ক্লপ বলেন, ‘ফুটবলে আপনি যাই করেন না কেন, গোল করার জন্য আপনার কাউকে লাগবেই। মো (সালাহ) তেমনই একজন।’
এদিকে পিএসজি কিছুটা অপেক্ষাকৃত সুবিধাজনক স্থানেই আছে। সহজ প্রতিপক্ষের মুখোমুখি হয়ে জয় তুলে নিলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে নেইমারদের।
এ দিকে, বি গ্রুপ থেকে শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। দ্বিতীয় হয়ে শেষ ষোলয় পা রাখতে আজ তাদের মুখোমুখি হবে ইংলিশ দল টটেনহ্যাম। দ্বিতীয় রাউন্ডে যেতে এই ম্যাচে জয় পেতেই হবে মরিসিও পচেত্তিনোর শিষ্যদের।
এমন বাঁচা-মরার লড়াইয়ে দলের সবার কাছে সামর্থ্যের ২০০ ভাগই আশা করলেন টটেনহ্যাম কোচ। তিনি বলেন, ‘আমাদের জয় প্রয়োজন এবং আমরা তা তুলে নেয়ার যোগ্যও। আমাদের মানসিকতা থাকবে সামর্থ্যের ২০০ ভাগ ঢেলে দিয়ে জয় তুলে নেয়া।’
গ্রুপের অন্য ম্যাচে ইন্টার মিলানের লক্ষ্যও একই। তবে প্রতিপক্ষ সহজ হওয়ায় টটেনহ্যামের চেয়ে কিছুটা স্বস্তিতে থেকেই ম্যাচটি শুরু করবে কোচ লুসিয়ানো স্প্যালেত্তির শিষ্যরা।
