দেশে স্ট্রবেরি চাষ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৯

আবুল কাসেম ভূঁইয়া

বিদেশি ফল স্ট্রবেরি এখন আমাদের দেশে উত্পাদিত হচ্ছে। স্ট্রবেরি একটি রসালো পুষ্টিকর ফল। এর রং, গন্ধ, স্বাদ অতুলনীয় হওয়ায় সারাবিশ্বে এর বিশেষ কদর এবং চাহিদা রয়েছে। আমাদের দেশে স্ট্রবেরির চাষ শুরু হয় বেশ কয়েক বছর আগে থেকে। স্ট্রবেরির চাষে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জুস, আইসক্রিম, কেক, বিস্কুট, জ্যাম, জেলি তৈরিতে স্ট্রবেরি ব্যবহূত হচ্ছে। স্ট্রবেরির চাহিদা এবং বাজারে দাম ভালো থাকায় স্ট্রবেরি চাষিরা স্ট্রবেরি চাষের ব্যাপারে আগ্রহী হচ্ছেন। বর্তমানে আমাদের দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে উত্সাহী চাষিরা স্ট্রবেরি চাষ করছেন।

স্ট্রবেরি সাধারণত শীতপ্রধান অঞ্চলের ফল। আমাদের দেশে শীতের মৌসুমে উত্তরবঙ্গে স্ট্রবেরি বেশি চাষ করা হয়। অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে উত্পাদিত স্ট্রবেরি বেশ সুস্বাদু এবং খুবই মিষ্টি। আমাদের দেশের বেশ কিছু গবেষক স্ট্রবেরির ওপর গবেষণা করে উন্নতজাতের স্ট্রবেরি উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। স্ট্রবেরি চারা রোপণের উত্তম সময় হচ্ছে সেপ্টেম্বর-অক্টোবর মাস। চারা রোপণের আগে জমিকে ভালোভাবে চাষ দিয়ে তৈরি করতে হবে। চাষ দেওয়ার পর জমিতে জৈবসার এবং রাসায়নিক সার প্রয়োগ করার পর আবার চাষ দিতে হয়। তারপর জমিতে সারিবদ্ধভাবে এক হাত পরপর একটি চারা রোপণ করতে হবে।

স্ট্রবেরির চারা রোপণের পর জমিতে সেচ দিতে হয়। চারা রোপণের ৪৫ দিন পর থেকে ফলন আসতে শুরু করে। নভেম্বর মাসের শেষের দিকে গাছে ফুল আসে। ডিসেম্বর মাসের শেষের দিকে ফল তোলা যায়। দুমাস ধরে প্রতিটি গাছ থেকে ফলন তোলা যাবে। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করতে খরচ পড়ে ১ লাখ টাকার মতো। ফলন তোলার পর বিক্রি করে খরচ বাদ দিয়ে লাভ হয় ১ লাখ ৫০ হাজার টাকার মতো। প্রতি বিঘা জমিতে ৪ হাজার স্ট্রবেরির চারা রোপণ করা যায়। প্রতিটি গাছে ১ কেজি করে ফল পাওয়া যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী প্রতিটি স্ট্রবেরি গাছে ৪০টি ফল আসে। বাজারে প্রতি কেজি স্ট্রবেরি ৩০০ টাকা করে বিক্রি করা হয়। আমাদের দেশে স্ট্রবেরি চাষ বেশ লাভজনক। কারণ অল্প সময়ের মধ্যে বিনিয়োগ করে বেশি লাভ পাওয়া যায়। তাছাড়া স্ট্রবেরি চাষের জন্য বাংলাদেশের মাটি এবং আবহাওয়া খুবই উপযোগী।