প্রতিনিয়তই বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপট। অর্থনীতির ভান্ডারে যোগ হচ্ছে নতুন নতুন তথ্য। এসব তথ্য ও সম্প্রতি ঘটে যাওয়া অর্থনীতির নানা বিষয় সংক্ষেপে তুলে ধরেছেন— নাঈমা সুলতানা
বিনিয়োগ আকৃষ্ট করতে করপোরেট কর কমাচ্ছে ভারত
বেসরকারি বিনিয়োগকে উত্সাহিত করতে ভারতের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য করপোরেট করের হার কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ দশমিক দুই শতাংশে নামিয়ে আনা হবে। এতে সব সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে। এ ঘোষণার পরপরই দেশটির শেয়ারবাজার ব্যাপকভাবে চাঙ্গা হয়ে ওঠে। একদিনেই সেনসেক্স ৯০০ পয়েন্ট বেড়ে যায়। এ ধরনের পদক্ষেপের ফলে ভারতীয়দের জন্য আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
তেল আমদানি করবে সৌদি আরব
বিশ্বের সবচেয়ে বড়ো তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তেল আমদানি করতে যাচ্ছে। তেল শোধনাগারে ড্রোন হামলার পর বিশ্বের সবচেয়ে বড়ো তেল রপ্তানিকারক দেশটির তেলের উত্পাদন অর্ধেকে নেমে গেছে। এ পরিস্থিতিতে রপ্তানি অব্যাহত রাখতে ইরাক থেকে তেল কিনতে যাচ্ছে দেশটি। গত বছর সৌদি আরব দিনে গড়ে ১ কোটি ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উত্পাদন করেছে এবং দিনে ৭৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে।
ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধ করবে হোন্ডা
২০২১ সালের মধ্যে ইউরোপে ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছে জাপানের গাড়ি নির্মাতা হোন্ডা মোটর করপোরেশন। ২০২৫ সালের মধ্যে এ অঞ্চলে শুধু বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। বৈশ্বিক কার্বন নির্গমন নীতিমালার লক্ষ্যপূরণ করতে হোন্ডার আগেও ডিজেলচালিত গাড়ি বানানো বন্ধের ঘোষণা দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। এছাড়া ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানের দুই তৃতীয়াংশ গাড়ি হবে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি, বর্তমানে এর সংখ্যা ১০ শতাংশেরও কম।
