হ্যাকারদের উপস্থিতি ইউটিউব চ্যানেলেও

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৪

বেশকিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেল হ্যাক করে তা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে বলা হচ্ছে, সম্প্রতি গাড়ির পর্যালোচনাকারী বেশকিছু ইউটিউব চ্যানেল হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। সমন্বিত হ্যাকিং কৌশল খাটিয়ে হ্যাকারদের গ্রুপ ইউটিউব চ্যানেল পরিচালকদের আক্রমণ করছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার দুর্বৃত্তরা ইউটিউবকনটেন্ট নির্মাতাদের ফিশিং মেইল পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড সংগ্রহ করছে।

সাইবার দুর্বৃত্তরা গুগলের লগইন পেজের মতো একটি ভুয়া পেজ ইউটিউব কনটেন্ট নির্মাতাকে পাঠায়। খুব ভালোভাবে খেয়াল না করলে তা যে ভুয়া পেজ, ধরা কঠিন। যারা সেখানে তথ্য দিচ্ছেন, তাদের চ্যানেল বেহাত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে টুইটারে অনেকেই পোস্ট দিয়ে তাদের ইউটিউব চ্যানেল বেহাত হওয়ার কথা বলেছেন। অনেকেই বলেছেন, টু-ফ্যাক্টর অথেনটিকেশনও পাশ কাটাতে পারে হ্যাকাররা।

ইউটিউবের একজন মুখপাত্র বলেছেন, ইউটিউবে হ্যাকিং বেড়ে যাওয়ার কোনো প্রমাণ তারা পাননি। ইউটিউবের নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হয় এবং সন্দেহজনক কার্যক্রম ব্যবহারকারীকে জানানো হয়। যাদের ইউটিউব চ্যানেল আছে, তাদের নিরাপত্তার জন্য দ্রুত গুগল অ্যাকাউন্ট সিকিউরিটি চেকআপ অপশনে গিয়ে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে। এতে হ্যাক হওয়ার ঝুঁকি কমবে। যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তারা ইউটিউব টিমকে জানাতে পারেন।