রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৯

 সিনহুয়া

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ক্ষমতসীন কমিউনিস্ট পার্টির প্রথম সচিবের দায়িত্ব পালনের সময় তিনি হাজার হাজার কিউবানকে আটক করেছেন। তাদের মধ্যে শতাধিক রাজনৈতিক বন্দিও রয়েছে।

মাইক পম্পেও বলেন, রাউল ক্যাস্ত্রো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিও সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র কিউবা ও ভেনেজুয়েলার নাগরিকদের অধিকারের প্রতি সচেতন। তাই এই কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

ঐ নিষেধাজ্ঞার ফলে রাউল ক্যাস্ত্রো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। তবে খুব শিগগির তার সেখানে যাওয়ার কথাও নেই। নিষেধাজ্ঞার ফলে রাউলের পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না। তার মেয়ে ম্যারিও ক্যাস্ত্রো এসপিন, যিনি এইচআইভি সচেতনতা ও সমকামী অধিকার নিয়ে আন্দোলন করছেন। তিনিও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এর আগে ২০১২ সালে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি।

২০০৮ সালে কিউবার অবিসংবাদিত নেতা ও বড়ো ভাই ফিদেল ক্যাস্ত্রোর কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন রাউল। গত এপ্রিলে অবসরে যান তিনি। প্রেসিডেন্ট হিসেবে অবসরে গেলেও ২০২১ সাল পর্যন্ত কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেবেন রাউল।