চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালী জেলার চাটখিলের নোয়াখলা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আনসার উল্ল্যাহ বাংলা টিমের দুই সদস্য মেহেদী হাসান জয় (২১) এবং শাহজাহান (১৯) নামের দুই জঙ্গিকে গ্রেফতার করেছে।
একই সময় থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল বাতেনসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানার পুলিশ। পুলিশ মাদক ব্যবসায়ীদের নিকট থেকে শতাধিক পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতারকৃত জঙ্গি মেহেদী হাসান জয় রামগঞ্জ উপজেলার ভাটিয়াল গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে বর্তমানে চাটখিলের ঘাসিপুর গ্রামে আত্মগোপনে ছিল। জঙ্গি শাহজাহান উত্তর শ্রীনগর গ্রামের মৃত হোসেনের ছেলে।
থানার অফিসার ইনচার্জ আনোয়ারু ইসলাম জানান, এন্টিকাউন্টার টেরোরিজম ইউনিটের জঙ্গি মেহেদী ও শাহজাহানকে দীর্ঘদিন থেকে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। গতকাল শুক্রবার রাতে তাদেরকে নোয়াখলা গ্রাম থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও জঙ্গি হামলায় ব্যবহূত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয় এবং গতকাল শুক্রবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। একই সাথে ছয় মাদক ব্যবসায়ীকেও জেল হাজতে প্রেরণ করা হয়।
