পিরোজপুর অফিস
পিরোজপুর শহরের মাছিমপুর এলাকা থেকে গতকাল শুক্রবার রাস্তার পাশে রাখা একটি সাদা প্রাইভেট কার (খুলনা-মেট্রো-ক ০২-০২২৩) থেকে পুলিশ সাতটি বস্তায় ৭৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় গাড়ির ড্রাইভার বা মালিককে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বস্তা খুলে ৭৯০ বোতল ফেনসিডিল পুলিশ দেখতে পায়। পরে গাড়িসহ ফেনসিডিল থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী পিরোজপুর সদর এসআই মনিরুজ্জামান মনির জানান, দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মাছিমপুর এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কাছে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত মাদক বহনকারীরা গাড়িটি রাস্তার ওপরে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ৭৯০ বোতল ফেনসিডিলসহ গাড়িটি থানায় নিয়ে আসা হয়। গাড়ির মালিককে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পিরোজপুর পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার একটি প্রাইভেটকারসহ সাতটি বস্তায় ৭৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া এই বিপুল পরিমাণ ফেনসিডিলের চালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
