ওসমানীনগরে পুকুরে মিলল পাইপগান কার্তুজ ও ছোরা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

দুই জন আটক

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানীনগরের লামা ইসপুর গ্রামের ফজরুল ইসলামের বাড়ির পূর্ব পাশের পুকুর থেকে অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার  রাতে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—১০ ইঞ্চি লম্বা হাতলবিশিষ্ট দেশীয় পাইপগান, স্কচটেপ মোড়ানো ৫ ইঞ্চি লম্বা একটি অস্ত্রের হাতল, ১০ ইঞ্চি লম্বা পাইপগান আকৃতির পাইপ, প্লাস্টিক ও পিতল মিশ্রিত তিনটি কার্তুজ, ১৮ ইঞ্চি লম্বা কঠের বাটযুক্ত একটি ছোরা, ১৫ ইঞ্চি লম্বা লোহার বাটযুক্ত একটি চাপাতি, ২৪ ইঞ্চি লম্বা একটি ডেগার, ১৪ ইঞ্চি লম্বা একটি দেশীয় ছোরা, একটি চাইনিজ ছোরা ও ১৮ ইঞ্চি লম্বা একটি দা।

পুলিশ সূত্রে জানা যায়,  অভিযানকালে সেখান থেকে উপজেলার উমরপুর ইউনিয়নের লামা ইসপুর গ্রামের মৃত সুনাফর আলীর ছেলে ফজরুল ইসলাম (২৯) ও একই গ্রামের মুহিবুর রহমান সাবুর ছেলে মামুন আহমদকে (৩২) আটক করা হয়।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফজলুর ও মামুনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে তাদের হেফাজতে থাকা এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক দুই জনকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় অন্য অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।