ভেড়ামারায় মতিয়া ফিলিং স্টেশনের তেলবাহী লরিতে বিস্ফোরণ, নিহত এক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

ভেড়ামারায় মতিয়া ফিলিং স্টেশনের তেলবাহী লরির ট্যাংকিতে বিস্ফোরণের ঘটনায় সেলিম (৩০) নামে এক ওয়ার্কশপ মালিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) শেখ ওবাইদুল্লা জানান, ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের তেলবাহী লরির ট্যাংকিতে ছিদ্র হলে সেটি পাশের ওয়ার্কশপে ওয়েল্ডিং করতে দেওয়া হয়। ওয়ার্কশপের মালিক সেলিম ওয়েল্ডিং করার সময় ট্যাংকিতে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।