ঈশ্বরদীতে পরমাণুবিষয়ক ইনফরমেশন সেন্টার চালু হচ্ছে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের ‘ইনফরমেশন সেন্টার’ শিগগিরই ঈশ্বরদী শহরে চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। ইনফরমেশন সেন্টারের ‘সাইট ইন অফিস’ ঈশ্বরদী পৌর চত্বরের একটি ভবন স্থাপনের জন্য রাশিয়ান প্রতিনিধিরা বৃহস্পতিবার বিকালে পরিদর্শন করেছেন। এ সময় রাশিয়ার এটমস্ট্রয় এক্সপোর্টের হেড অফ কম্যুনিকেশন্স নিনা দেমেনসোভা, রসএনার্গোএটমের কম্যুনিকেশন্স ডিপার্টমেন্টের ডিরেক্টর আন্দ্রেই টিমোনভ, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, প্রকল্পের বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষ পৌরসভার পূর্বতন প্রকৌশল বিভাগটি জনস্বার্থে ব্যবহারের জন্য সম্মতি দেন। এছাড়া শুক্রবার সকালে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এ বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

ড. শৌকত আকবর বলেন, পরমাণু ও বিদ্যুত্ প্রকল্প সম্পর্কে সকল শ্রেণি ও পেশার মানুষের জানার আগ্রহ ও অধিকার রয়েছে। এদিক বিবেচনা করেই ঈশ্বরদীতে দ্রুত ইনফরমেশন সেন্টার চালু করা হচ্ছে। রাশিয়ার রসাটম এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উদ্যোগে ইনফরমেশন সেন্টার পরিচালিত হবে বলে তিনি জানিয়েছেন।