অণুগল্প

প্রজাপতি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

 

আজ গুটুসের জন্মদিন। দুপুর থেকেই বাসায় বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, প্রতিবেশী—সব্বাই হাজির। বাবা মস্ত বড় ডাক্তার আর মা গৃহিণী। স্কুল আর বাবার অফিস—দুইই আজ ছুটি। গুটুসের আনন্দ আর ধরে না।

গুটুস বাবাকে সারা দিন কাছে পাবে। এবারের জন্মদিনে এটা অনেক বড় গিফট।

বাচ্চাদের মনে ঈদের আনন্দ। কোনো বকাঝকা নেই। নেই পড়া মুখস্থ করার ঝক্কিও। মজার মজার সব গিফট বক্স। আরো কত কী!

সব্বাই গুটুসের বাসায় একটা রুমে জড়ো হয়েছে। কেউ বেলুন ফোলাচ্ছে। কেউবা বল খেলছে। কোনো বাচ্চা বাঁশি বাজাচ্ছে কিংবা লুকোচুরি খেলছে। যার যেমন খুশি।

আচমকা দলছুট একটা প্রজাপতি গুটুসের রুমে কেবলই উড়ছে। সবার মনোযোগ খেলার দিকে। ছোট্ট একটা প্রজাপতির দিকে শান্ত এক বাচ্চার চোখ আটকে যায়। খপ করে প্রজাপতিটা ধরে। মুহূর্তেই ভেঙে যায় প্রজাপতির ডানার একপাশ। বাচ্চা প্রজাপতি হারিয়ে ফেলে সব দুরন্তপনা। রুমের এককোণে পড়ে থাকে।

সবাই ডানাকাটা প্রজাপতির ভালো চায়। আর তখনই স্বচ্ছ কাচের জানালায় বাচ্চাদের নজর পড়ে। অনেক প্রজাপতি কাচের ওপারে জড়ো হয়েছে।

গুটুস আনমনে কী যেন ভাবে। মনে পড়ে পাশের বাসার রিন্টুর গাছ থেকে পড়ে হাতে ব্যথা পাওয়ার কথা। বাবা কী সব ওষধপত্তর আর ব্যান্ডেজ করে রিন্টুকে সারিয়ে তোলে।

গুটুস বাবার কাছে ভোঁ দৌড়। বাবা, বাবা ও বাবা। কিছু একটা কর। বাবা দেখ না, ফুটফুটে বাচ্চা প্রজাপতি মোটেই উড়তে পারছে না।

এমনটা কী করে হলো? গুটুস বলল, আমার এক বন্ধু অবুঝ হাতে প্রজাপতিটাকে চেপে ধরায় এমন করুণ অবস্থা হয়েছে।

গুটুসের বাবা কিছুক্ষণ চুপ। তোমাদের কারোর একটা হাত জোরে চেপে ধরলে কিংবা স্কুলে যাওয়ার সময় একটা রিকশা ধাক্কা দিলে কী হবে?

সবাই একসঙ্গে বলল, ব্যথা পাব। এমনকি হাত-পাও ভেঙে যেতে পারে।

ছোট্ট প্রাণীরাও ব্যথা পায়। কিন্তু আমাদের মতো বলতে পারে না। গুটুসের বাবা বলল।

বাচ্চারা বলল, আংকেল, প্রজাপতিগুলো জড়ো হয়েছে কেন?

সব প্রজাপতি বাচ্চা প্রজাপতির দুরবস্থা দেখছে। বাচ্চা প্রজাপতি আর সব প্রজাপতি বাগানের কসমস ফুল থেকে মধু খাচ্ছিল। বাতাসের ঝাপটায় কেবল বাচ্চা প্রজাপতিটাই দলহারা হয়।

শেষমেষ বাচ্চারা ঠিক করে, যে করেই হোক বাচ্চা প্রজাপতিটাকে সারিয়ে তুলবে।

গুটুসের বাবা বাচ্চাদের কথায় সায় দেন। প্রয়োজনীয় ওষধপত্র, ব্যান্ডেজ আর সেবা দিয়ে বাচ্চা প্রজাপতিটাকে কিছুটা সারিয়ে তোলেন।

শান্ত বাচ্চাটি আলতো করে প্রজাপতিটাকে ফুলবাগানে নিয়ে যায়। আর সবাই তার পিছু নেয়। পিঁপড়ার মতো সারিবদ্ধ বাচ্চার দল বাগানে কসমস গাছের একটা ডালে আলতো করে বাচ্চা প্রজাপতিটাকে বসিয়ে দেয়।

তারা গাছগুলোর একটু আড়ালে দাঁড়িয়ে থাকে। দেখতে পায় এক মজার দৃশ্য! কিছুক্ষণের মধ্যেই জানালার কাচের সব প্রজাপতি যেন কসমস ফুলগুলোতে বাসা বেঁধেছে। সব্বাই ফিসফিস করে কী যেন বলছে!

আহত প্রজাপতিকে পেয়ে প্রজাপতি দলের সে কী আনন্দ!