আগামী জুনে আসছে অস্ট্রেলিয়া

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী বছর জুন-জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের এই বাংলাদেশ সফর গতকাল নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সফরে বাংলাদেশ দলের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ানরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পিটার রোচ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। ২০২০ সালের জুন-জুলাইয়ে সফরের সময় নির্ধারণ করলেও ম্যাচগুলোর সময়সূচি চূড়ান্ত হয়নি। দুই বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তেই সিরিজটি মাঠে গড়াচ্ছে বলে জানিয়েছেন রোচ।

পিটার রোচের বক্তব্য নিয়ে ক্রিকেট ডটকম ডট এইউ লিখেছে, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি  যে, আগামী বছর আমরা বাংলাদেশ সফরে যাচ্ছি। দুই বোর্ড মনে করেছে, মূল তারিখের চেয়ে এই সময়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন অনেক সুবিধাজনক। আশা করছি দারুণ লড়াই হবে।’

এর আগে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। এখন চার মাস পিছিয়ে জুন-জুলাইয়ে দুটি টেস্ট খেলতে আসবে অস্ট্রেলিয়া।

এই সিরিজের সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজও ছিল। কিন্তু দুটি টেস্ট খেলেই এ যাত্রা ফিরে যাবে অজিরা। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ঐ বিশ্বকাপের আগে এই তিনটি টি-২০ খেলতে সম্মত হয়েছে দুই বোর্ড।

গত সপ্তাহে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর পিছিয়ে গেছে। আগামী মাস তথা অক্টোবরেই দুটি টি-২০ খেলতে আসার কথা ছিল অজিদের। যা পিছিয়ে ফেব্রুয়ারি করা হয়েছিল। সফর পিছালেও দুটির জায়গায় তিনটি টি-২০ খেলতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া।

আকরাম খান বলেছিলেন, ‘আমাদের টেস্ট সিরিজটি ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল। কিন্তু সেটাকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০২০ সালের জুন-জুলাই মাসে। এছাড়া অক্টোবরে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। যা এখন হবে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। ২০২১ সালের ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের আগে সিরিজটি মাঠে গড়াবে। যদিও সিরিজটির সূচি এখনো নির্ধারণ করা হয়নি। আমরা এই বিষয়ে বসব।’

সর্বশেষ ২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র (১-১) করেছিল অজিরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্ট হারিয়েছিল বাংলাদেশ। ২০ রানে জিতেছিল টাইগাররা। পরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হেরে যায় মুশফিক বাহিনী। সিরিজ ড্র করার স্বস্তি নিয়ে ফিরে যায় স্মিথের দল।