টেস্টে ফিরতে মরিয়া ফিঞ্চ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

স্পোর্টস ডেস্ক

সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যর্থই হয়েছে বলা যায়। ফলে আবারও দরজা খুলে যেতে পারে ওয়ানডে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ফিঞ্চ নিজেও সেই সুযোগের অপেক্ষায় আছেন। আবারও টেস্ট দলে ফিরতে মুখিয়ে আছেন তিনি।

গত গ্রীষ্মে ভারতের বিপক্ষে তিন টেস্টে ৯৭ রান করেছিলেন ওপেনার ফিঞ্চ। ফলে টেস্ট দল থেকে বাদ পড়েন তিনি। তবে আবারও টেস্ট দলে ফেরার স্বপ্ন দেখছেন ফিঞ্চ। কারণ ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে পুরোপুরিভাবে ব্যর্থ অস্ট্রেলিয়ার তিন ওপেনার ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস ও ক্যামেরন বেনক্রফট।

তাই টেস্ট দলে ফিরতে আসন্ন ঘরোয়া আসর শেফিল্ড শিল্ডে ব্যাট হাতে বড়ো স্কোর করতে চান ফিঞ্চ। যাতে আগামী নভেম্বরে দেশের মাটিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য নির্বাচকরা বিবেচনা করেন তাকে।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করছি টেস্ট দলে ফেরার জন্য এটিই সেরা সুযোগ। অবশ্যই আমি চেষ্টা করব। বেশি রান করব, বড়ো স্কোর করব—এটিই আমার পরিকল্পনা। যদি টেস্ট দলে সুযোগ না-ও পাই, তবুও আমি স্বাচ্ছন্দ্যবোধ করব।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে আক্রমণাত্মক ব্যাটসম্যান ফিঞ্চ। তবে মাত্র পাঁচটি টেস্ট খেলেছেন তিনি। আবারও টেস্ট দলে ফিরতে উত্সাহী হয়েছেন ম্যাথু ওয়েডকে দেখে। গেল মৌসুমে শেফিল্ড শিল্ডে ১ হাজার রান করেছেন ওয়েড।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি তার কৃতিত্ব। পাশাপাশি নিজের টেকনিকের জন্য সে কঠিন পরিশ্রম করেছে এবং তাসমানিয়ার কোচ দুর্দান্ত কাজ করেছে।’ অ্যাশেজে দুটি সেঞ্চুরি করেছেন ওয়েড।

আগামী ২১ নভেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। তার আগে শেফিল্ড শিল্ডে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিঞ্চ।—বাসস