স্পোর্টস রিপোর্টার
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে যুবাদের। গতকাল সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরিতে বড়ো জয় পেয়েছে আকবর আলীর দল। লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে ক্যান্টাবুরি আমন্ত্রণমূলক একাদশকে বৃষ্টি আইনে ১৪৬ রানের বড়ো ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
টস জিতে প্রথমে ব্যাট করে তানজিদের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৮৮ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ যুব দল। ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার তানজিদ। অনিক সরকার (২৬) আউট হলে ৯১ রানে ভাঙে ওপেনিং জুটি। তানজিদের ব্যাটে ১৯ ওভারেই দেড়শো পার হয় বাংলাদেশ। সেঞ্চুরি তুলে নেন এই যুবা। দলীয় ১৪৯ রানে আউট হন তানজিদ। ৭৩ বলে ১০২ রান করেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিং করা তানজিদ ১৩টি চার ও দুইটি ছক্কা মেরেছেন।
তানজিদ ফিরলেও পরে বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্রুতলয়ে রান তোলার কাজটি চালিয়ে গেছেন। তাতেই ৪০০ ছুঁইছুঁই স্কোর গড়ে সফরকারীরা। পারভেজ হোসেন ইমন ৪৮, তৌহিদ হূদয় ৪০ বলে ৫২ ও শাহাদাত হোসেন ৫১ বলে অপরাজিত ৫৭ রান (৫ চার, ২ ছয়) করেন। শেষ দিকে মৃত্যুঞ্জয় ১৭, আকবর আলী ২২ ও শামীম হোসেন ১৪ বলে ৪২ রানের ক্যামিও খেলেন। শামীমের ইনিংসে ছিল ছয়টি চার ও দুইটি ছয়ের মার। স্বাগতিকদের পক্ষে হারপার, ক্লার্ক ও শিয়েহান দুটি করে উইকেট নেন।
পরে বৃষ্টি আইনে ৪৫ ওভারে ক্যান্টাবুরির টার্গেট দাঁড়ায় ৩৪৪ রান। কিন্তু বাংলাদেশের যুবাদের দুর্দান্ত বোলিংয়ে ৪৫ ওভারে ৭ উইকেটে ১৯৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। এক পর্যায়ে ১১৭ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ক্যান্টাবুরি। তবে অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৮০ রান যোগ করে দলের হারের ব্যবধান কমান ডানলপ ও হারপার। ডানলপ অপরাজিত ৪৮ ও হারপার অপরাজিত ৩৫ রান করেন। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম, হাসান মুরাদ দুটি করে, অভিষেক দাস, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট নেন।
উল্লেখ্য, বাংলাদেশ-নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর। এদিন ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২, ৬, ৯ ও ১৩ অক্টোবর।
