বিএনপি আইএসআইয়ের সঙ্গে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:১৮

বিএনপি নেতারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সোমবার নোয়াখালীতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দণ্ডিত, পলাতক, সাজাপ্রাপ্ত আসামির নেতৃত্বে যে দল চলছে, যে ঐক্যফ্রন্ট চলছে, সেই ঐক্যফ্রন্টের পক্ষে বাংলাদেশের জনগণ নেই। জনগণ সাড়া দিচ্ছে না, সাড়া দিচ্ছে না বলেই তারা এখন বিদেশিদের কাছে শুধু নালিশ করছে না, সর্বশেষ খবর হচ্ছে লন্ডনে বসে তারেক রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করছে। ঢাকায় মির্জা ফখরুল পাকিস্তানি দূতাবাসে গোপন বৈঠক করছে। এই বৈঠকের অর্থ হচ্ছে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি দুর্নীতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় তারা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। তারা টাকা নিয়ে মনোনয়ন বাণিজ্য করায় বঞ্চিতরা বার বার বিএনপির কেন্দ্রীয় অফিসে হামলা করছে।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল।