ইত্তেফাক রিপোর্ট
আজ শেষ হবে নয় দিনের শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উত্সব। গতকাল শুক্রবার অষ্টম দিনে মঞ্চকুঁড়ি পদক বিতরণ অনুষ্ঠানে কারিশমা সাংস্কৃতিক দলের ৩১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, শিল্পকলা একাডেমির ২০ জন অ্যাক্রোবেটিক দলের সদস্য এবং ১০টি জেলার ৪২ জন শিশুশিল্পীকে মঞ্চকুঁড়ি পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও বিশিষ্ট অভিনেতা জাহিদ হাসান। এর আগে সকাল ১০টা থেকে শুরু হয় দুই দিনব্যাপী পুতুল নাট্য কর্মশালা। কর্মশালা চলে বিকাল পাঁচটা পর্যন্ত। কর্মশালা শেষ হবে আজ।
একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটক মঞ্চস্থ করে স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজ, কিডস কালচারাল ইনস্টিটিউট চট্টগ্রাম, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে লিয়াকত আলী লাকীর নির্দেশনায় পিপলস লিটল থিয়েটার ঢাকার নাটক রাজা ও রাজদ্রোহী, সুপ্তো থিতা ঢাকার নৃত্যনাট্য, আনন্দম ঢাকার নাটক খ্যাতির বিড়ম্বনা এবং জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল মাগুরার নাটক অসঙ্গতি মঞ্চস্থ হয়। স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম, সিলেট, খুলনা, খাগড়াছড়ি, কুষ্টিয়া, মাগুরা, লক্ষ্মীপুর ও মেহেরপুর পরিবেশন করে আবৃত্তি, একক অভিনয় ও ৭ই মার্চের ভাষণ এবং চিলড্রেন্স থিয়েটার সিলেটের নাটক অমল হলো পিটারম্যান এবং জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল খাগড়াছড়ির নাটক বঙ্গবন্ধুর ছেলেবেলা মঞ্চস্থ হয়। একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হয় কারিশমা সাংস্কৃতিক দল ঢাকার নৃত্যনাট্য মানচিত্রের জন্য, অরণি চিলড্রেন্স থিয়েটার মেহেরপুরের নাটক ব্যথিত রাতের বয়ান, ম্যাজিক ইফ থিয়েটার কুষ্টিয়ার নাটক বুদ্ধির ঢেঁকি মঞ্চস্থ হয়। একাডেমি প্রাঙ্গণ নন্দনমঞ্চে জেলা শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, শিল্পকলা একাডেমি-ঢাকা, কুষ্টিয়া, সিলেট, মেহেরপুর, খুলনা ও মাগুরার শিল্পীবৃন্দ পরিবেশন করে সমবেত সংগীত, সমবেত নৃত্য, একক সংগীত ও অ্যাক্রোবেটিক শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উত্সবের সমাপনী অনুষ্ঠান রয়েছে।
