ক্যাসিনো কাণ্ড ধামাচাপা পড়বে অচিরেই :মওদুদ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ক্যাসিনো কাণ্ড কয়েক দিন পর ধামাচাপা দেওয়া হবে। অভিযুক্তদের কিছুই হবে না। ইসমাইল হোসেন সম্রাট, জি কে শামীম, খালেদ মাহমুদ ভুঁইয়াদের পেছনে ক্ষমতাসীন দলের প্রভাবশালী এমপি-মন্ত্রীরা রয়েছেন। তাই শেষ পর্যন্ত তাদের কিছুই হবে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এ মানববন্ধনের আয়োজন করে।

মওদুদ বলেন, আজ যে নৈরাজ্য দেখছেন, প্রতিটা ক্ষেত্রে যে পতন ঘটেছে—এ পতনের একমাত্র কারণ দেশে কোনো প্রতিনিধিত্বশীল সরকার নেই। সে কারণে কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, শামীম, খালেদ আর সম্রাট এরা মাত্র তিনটি নাম। রাশেদুল হাসান হারুনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, পেশাজীবী নেতা রিয়াজুল ইসলাম রিজু, শামসুল ইসলাম তোফা, শামিমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য দেন।