শেখ হাসিনার নির্দেশেই শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশে এই প্রথম হাওরাঞ্চলের জনগণের জন্য নলকূপ ও স্যানিটেশনের জন্য বৃহত্ প্রকল্প গ্রহণ করেছেন শেখ হাসিনার সরকার। যার ফলশ্রুতিতে শুধু জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এরই মধ্যে জননেত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলে নলকূপ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন স্থাপনের জন্য আরো ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। যা দেশের প্রতিটি হাওরাঞ্চলে বাস্তবায়িত হবে। মন্ত্রী বলেন, দেশে ঢাকা শহরসহ প্রতিটি এলাকায় অবৈধ ব্যবসার নামে ক্যাসিনো ব্যবসা করে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং বিচারের জন্য সোপর্দ করা হচ্ছে। শেখ হাসিনার নির্দেশেই এসব শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। শুক্রবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে ৫০ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার গভীর নলকূপ স্থাপনের প্রথম পর্যায়ে উপজেলার দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।