কুমিল্লায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এক শিবির কর্মীসহ ৫ পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৯টি ককটেল, বিপুল পরিমাণ জেহাদি লিফলেট ও ব্যানার-ফেস্টুন উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার পিছনে একটি ঘরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার জন্য একত্রিত হয়েছে গোপন সূত্রে এমন খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিষয়টি জানার পর থানার অতিরিক্ত ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে যাওয়ার পর শিবির কর্মীরা আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এতে এএসআই দেলোয়ার ও কনটেবল মাহবুবসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। ওসি আরো জানান, পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে শিবির কর্মীরা পিছু হটে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বায়েজীদ নামে এক শিবির কর্মীকে আটক করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গুলিবিদ্ধ বায়েজীদ জেলার দেবিদ্বার উপজেলার মহেশপুর গ্রামের শাহনুরের ছেলে। ঘটনাস্থলে পুলিশ তল্লাশি চালিয়ে ৯টি ককটেল, বিপুল পরিমাণ লিফলেট, ব্যানার-ফেস্টুন উদ্ধার করেছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
