পিরোজপুর অফিস
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাঙালির নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আমাদের ধারণ করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে না পারলে বিদেশি খেলাধুলা আমাদের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে।
গতকাল শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ কাবাডি ও ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক দূরত্ব যেন আমাদের ভিতরে কাদা ছোঁড়াছুঁড়ি সৃষ্টি করতে না পারে।
মাটিভাংগা উদয়ন ক্লাব আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার, উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদার, ক্লাব সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মিঠুন প্রমুখ। পরে প্রধান অতিথি খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
