কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরের পিএমখালীতে পুকুরে গোসল করতে নেমে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মধ্যম জুমছড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো পিএমখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মধ্যম জুমছড়ি এলাকার বাবুলের ছেলে তামিম (১১) ও নছিম (৮)।
এলাকাবাসী জানায়, জুমার নামাজের সময় এলাকার একটি পুকুরে দুই ভাই মিলে গোসল করতে নামে। সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় দুই ভাই। মুহূর্তে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুকুরে খুঁজতে নামে। দীর্ঘ খোঁজাখুঁজির পর দুই ভাইকে আলিঙ্গন করাবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পরই তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতেই তাদের দাফনের ব্যবস্থা চলছে বলে উল্লেখ করেন তিনি।
