প্রয়োজনে হাজারবার মাফ চাইব তবু কাজ করে যাব: আইভী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৬

হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ

নগরবাসীর উন্নয়নে কোনো অবস্থাতেই পিছপা না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী বলেছেন, নারায়ণগঞ্জবাসীর সেবায় বিভিন্ন কাজের জন্য প্রয়োজনে জনস্বার্থে আমি ১০ বার না হাজার বার মাফ চাইতে পারব। তবু কাজ করে যাব। কোনো প্রলোভন কিংবা ভয়ভীতি আমাকে বিচ্যূত করতে পারবে না। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় ও জাতীয় গৃহায়ন ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্বল্পআয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা’ শীর্ষক প্রকল্পের ঐ প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পটির কার্যক্রম সম্পর্কে জাতীয় গৃহায়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক বিজয় কুমার মন্ডল বলেন, সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ‘স্বল্পআয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা’ শীর্ষক জনসমষ্টি ভিত্তিক পাইলট প্রকল্পটি গ্রহণ করেছে। পরীক্ষামূলক এ প্রকল্পটি ডিসেম্বর ২০১১ সাল পর্যন্ত চলবে। প্রাথমিকভাবে সিরাজগঞ্জ পৌরসভা, কুমিল্লা সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রকল্পটি শুরু হয়েছে। প্রকল্প অনুযায়ী কিছু নির্দিষ্ট এলাকার মানুষকে নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবন সংস্কার ও ভবন বর্ধিতকরণের জন্য সহজ ও স্বল্পসুদে ঋণ দেওয়া হবে। একই সঙ্গে ঐসব এলাকায় রাস্তা, ফুটপাত, ড্রেন, পানি সরবরাহ, বিদ্যুত্, খেলাধুলার মাঠ, স্কুল, মার্কেটসহ সার্বিক উন্নয়ন করা হবে যার অর্থায়ন করবে ওয়ার্ল্ড ব্যাংক। সার্বিক সহযোগিতায় থাকবে সিটি করপোরেশন।

মেয়র আইভী বলেন, ২০০৩ থেকে এখনো পর্যন্ত ১৭ বছর ধরে পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। এখনো পর্যন্ত যেসব পাইলট প্রকল্প আমাদের সিটি করপোরেশন থেকে শুরু হয়েছে সবই এখানে সফল হয়েছে। আশা করছি, এ প্রকল্পটিও সফল হবে। এ জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করব।