রাবির ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ বিথীকা বণিককে অব্যাহতি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষের পদ থেকে সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. বিথীকা বণিককে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। একই আদেশে হলটির আবাসিক শিক্ষিকা ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোসা. আঞ্জুমান আরাকে প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এ আদেশ গতকাল থেকেই কার্যকর বলে ঐ আদেশে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি প্রফেসর বিথীকা বণিকের ফ্ল্যাটে রাতের বেলা তার ভাইয়ের হাতে যৌন নির্যাতনের শিকার হন মেয়ের গৃহশিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার এবং প্রফেসর বিথীকা বণিকের সহোদরকে গ্রেফতার করে। এ ঘটনায় বৃহস্পতিবার শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের পদ থেকে বিথীকা বণিকের অপসারণের দাবিতে প্রশাসন ভবন ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।