আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি হচ্ছে দুর্নীতিবাজদের দল। তাদের চেয়ারম্যান—তিনি হচ্ছেন এতিমের টাকা চোর। আদালতে সাব্যস্ত এবং তাকে এতিমের টাকা চুরি করার জন্য জেল দেওয়া হয়েছে। আর সিনিয়র কো চেয়ারম্যান—তিনি হচ্ছেন দুর্নীতিবাজ মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেওয়া অপরাধী। তিনি মুচলেকা দিয়ে বলেছেন যে, আমি অপরাধী—আমাকে মাফ করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেন।
গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশন চত্বরে আত্মীয় নামের একটি সংগঠনের অনলাইনে রক্তদাতা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সেই অভিযান চলবে। বাংলাদেশের বাউন্ডারির মধ্যে ক্যাসিনোর খরব পেলেই অভিযান চলবে। তিনি বলেন, প্রথমে আমাদের দলে থেকে যারা দুর্নীতি করছিল তাদেরকে ধরছি পরে অন্য দলের দুর্নীতিবাজদের ধরা হবে।
আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ও আত্মীয় সংগঠনের উপদেষ্টা ডা. মোহাম্মদ শাহ আলম প্রমুখ। উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন প্রমুখ ।
