শেখ হাসিনার জন্মদিন আজ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৭

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। বর্তমানে শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ তৃতীয় বিশ্বের একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন নতুন ভূমিকায়।

বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবন শেখ হাসিনার। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় প্রধানের দায়িত্ব নেন তিনি। এরপর আড়াই যুগ ধরে দেশের এই প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত চারবার জাতীয় সংসদ নির্বাচনে                তার সুযোগ্য নেতৃত্বে বিজয়ী হয় আওয়ামী লীগ। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন তিনি।

শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু টুঙ্গিপাড়ার পাঠশালায়। ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৭ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন ঢাকার বকশীবাজারের পূর্বতন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে। ঐ বছরই ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কলেজে অধ্যয়নকালে তিনি কলেজছাত্রী সংসদের সহসভানেত্রী পদে নির্বাচিত হন। বঙ্গবন্ধু কারাবন্দি থাকাকালে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। সহজ সারল্যে ভরা তার ব্যক্তিগত জীবন। মেধা-মনন, কঠোর পরিশ্রম, সাহস, ধৈর্য, দেশপ্রেম ও ত্যাগের আদর্শে গড়ে উঠেছে তার আকর্ষণীয় ব্যক্তিত্ব। যদিও প্রায় ১৯ বার শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তার লক্ষ্য অর্জনে থেকেছেন অবিচল। বরাবরের মতো এবারও জন্মদিনে দেশের বাইরে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন।

কর্মসূচি :আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার শেখ হাসিনার  জন্মদিন পালন করবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা) ও সকাল ৯টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চ (৭/৩/এ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০) এবং বেলা ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকাসহ সারাদেশে সকল সহযোগী সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

চট্টগ্রামে দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু :চট্টগ্রাম অফিস জানায়, গতকাল দুপুরে আন্দরকিল্লার নগর ভবন চত্বরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। শেখ হাসিনা জন্মোত্সব উদ্যাপন পরিষদের সভাপতি কবি অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফল প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে অভীষ্ট লক্ষ্যে।’