অপপ্রচার বন্ধ না হলে কাদেরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা :ফখরুল

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২০

’পাকিস্তানি হাইকমিশনে মির্জা ফখরুলের বৈঠক ও আইএসআই-এর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে’ বলে ওবায়দুল কাদের ও আব্দুর রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, এ বক্তব্য শুধুমাত্র বিএনপিকে হীনপ্রতিপন্ন করার জন্য। তাদের বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি, অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

সরকার পরিকল্পিত ও সুচিন্তিতভাবে বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অপপ্রচারে মেতে উঠেছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, সরকারি অর্থ ব্যয় করে তারা এ জঘন্য মিথ্যাচারের জন্য সোশ্যাল ও প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করছে।

গতকাল সোমবার বিকালে গুলশানের বিএনপির চেয়ারপারসনে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তিনশ’র বেশি ভুয়া ফেসবুক আইডি খুলেছে। যার একমাত্র উদ্দেশ্য বিরোধী দল ও খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে অপ্রচার করা, নোংরা ছবি ছড়ানো এবং মিথ্যা ও বানোয়াট গল্প তুলে ধরা। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা শত প্রতিকূলতার মধ্যেও অসমতল মাঠের নির্বাচনে অংশ নিচ্ছি। দলকে ঐক্যবদ্ধ রেখে সবাইকে সাথে নিয়ে প্রার্থী চূড়ান্ত করেছি। কিন্তু আজকে এ নির্বাচন বানচাল করার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতিমুহূর্তে। রিটার্নিং অফিসাররা পর্যন্ত আমাদের নেতাদের মনোনয়ন বাতিল করে দিচ্ছেন।